পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

5dda20883c10aতৃতীয় দিনেই পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৬৪ রানে ৩ উইকেট পতনের পর স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠাতে চতুর্থ দিন আরও ২৭৬ রান তুলতো হতো পাকিস্তানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়ে গেছে ৩৩৫ রানে! ফলে অজিরা জিতে গেছে এক ইনিংস ও ৫ রানের ব্যবধানে।

সকালের সেশনেই ৯৪ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথম ইনিংসেও একই দুর্দশা ছিল সফরকারীদের। কিন্তু বাবর আজম ও রিজওয়ান মিলে ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটিতে প্রতিরোধ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। বাবর সেঞ্চুরি করে ১০৪ রানে বিদায় নিলে আরও কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান।

তবে  রিজওয়ান সপ্তম উইকেটে ইয়াসির শাহকে সঙ্গী করে ৭৯ রানের জুটি গড়ে আবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রিজওয়ান ৯৫ রানে বিদায় নিলে প্রতিরোধ পুরোপুরি ভেঙে যায় পাকিস্তানের। হ্যাজলইউডের ৬৩ রানে ৪ উইকেট শিকারে ঘরের মাঠে ১৩তম টানা জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। এছাড়া মিচেল স্টার্ক ৭৩ রানে নেন ৩ উইকেট।

ম্যাচসেরা হন মার্নাস ল্যাবুশেগনে। প্রথম ইনিংসে তার ১৮৫ রানের ইনিংসে ভর করেই ৫৮০ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া।