ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার কারণে তাকে দেশে ফিরতে দেয়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তীতে হোটেলে ফিরে আসতে বাধ্য হন ডানহাতি এই ব্যাটসম্যান। তাই বাধ্য হয়ে তিনি দুইদিন ধরে কলকাতাতেই অবস্থান করছেন।
জানা গেছে, সমস্যা অনেকটাই কেটে গেছে। বুধবার দুপুর নাগাদ বাংলাদেশ হাইকমিশনের তৎপরতায় বিষয়টির সুরাহা হচ্ছে। সাইফ হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 'আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ২৪ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল কিন্তু আমি যাচ্ছিলাম ২৫ তারিখ। বুধবার চলে যাবো। আশা করছি হয়ে যাবে, আজ দুপুরে বাংলাদেশের হাই কমিশন জানিয়ে দেবে। সব ঠিক থাকলে রাতের ফ্লাইটে আমি দেশে চলে যাবো।'
সাইফ হাসানের ভিসার মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত। গত জুলাইয়ে বিসিবি একাদশের হয়ে বেঙ্গালুরু আর মহীশুর খেলতে গিয়েছিলেন। সে সময় ভারতের ভিসা পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওই ভিসাতেই জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন জাতীয় দলের সঙ্গে। কিন্তু ভারত সফরের শেষ দিকে তার সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কেউই তা নজরে আনেননি।
অথচ ইনজুরিতে থাকা সাইফ আগেই যেতে পারতেন। কলকাতা টেস্টের দুইদিন আগেই একাদশে না থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল। বদলি হিসেবে কাউকে না এনে দলের সঙ্গে তাকে রেখেও দেওয়া হয়েছিল।