হতাশায় বছর শেষ রিয়ালের

ড্রয়ে বছর শেষ রিয়ালের। এল ক্লাসিকোর মতো আবারও সুযোগ হাতছাড়া করলো রিয়াল মাদ্রিদ। অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে তিনবার গোল বঞ্চিত হয়েছে জিদানের শিষ্যরা। তাতে গোলশূন্য ড্রয়ে বছর শেষ করতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের।

ঘরের মাঠ বার্নাব্যুতে প্রাণবন্ত প্রধমার্ধে বেশ কিছু সুযোগের মধ্যে সুবর্ণ সুযোগটি ছিল রিয়ালের টপ স্কোরার বেনজেমার। গোল লাইন থেকে ক্লিয়ার হয়ে যায় তার শট। তার আগে টনি ক্রুস বিলবাওর রক্ষণকে ফাঁকি দিয়ে শট নিলেও বারে লেগে প্রতিহত হয়েছে তা।

দ্বিতীয়ার্ধেও একইভাবে নষ্ট হয়েছে বেশ কিছু সুযোগ। বদলি নাচোর শট গিয়ে লেগেছে বারে, আবার লুকা ইয়োভিচের হেড গিয়ে লাগে বাম পোস্টে।

বার বার হতাশ হওয়া রিয়ালের রক্ষণেও ত্রাস ছড়িয়েছে বিলবাও। ভুলে গেলে চলবে না এই বিলাবও মৌসুমের শুরুতে হারিয়ে দিয়েছিল বার্সাকে। দলটিকে আরেকটু হলেই গোল পাইয়ে দিয়েছিলেন কেনান কোদরো। কিন্তু তা বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে পড়ে। আরেকটি শট দুর্দান্ত এক ডাইভে বাঁচিয়েছেন রিয়াল গোলকিপার থিবা কোর্তোয়া। 
গোলের দেখা না পাওয়ায় বছর শেষটা হতাশাকে সঙ্গী করে শেষ করলো রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচ ড্র করেছে তারা। ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্রয়ের পর বার্সার সঙ্গে গোলশূন্য ড্র। বছর শেষের ম্যাচটিও হলো গোল শূন্য ড্র। ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।