ইন্সটাগ্রামে টোয়েন্টি-টোয়েন্টি বছরের প্রথম দিনেই ‘এনগেজমেন্টের’ কথাটা জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া।খবর জেনে তার অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত বিস্মিত। ইন্সটাগ্রামে ভারতীয় অধিনায়ক মন্তব্য করেছেন, ‘অভিনন্দন এইচ (হার্দিক), কী আনন্দময় বিস্ময়। সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইলো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’
হার্দিক-নাতাশা বাগদান সেরেছেন দু্বাইয়ে।ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে দেখা গেছে একটি ছোট ফেরিতে করে ভ্রমণের সময় কিছু বন্ধুও সঙ্গে ছিল হার্দিকের। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হয়েছে মুহূর্তেই।
হার্দিকের বাগদত্তা নাতাশার ক্যারিয়ার বেশিদিনের নয় । ভারতের টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে ২৭ বছর বয়সী সার্বিয়ানের পাদপ্রদীপের আলোয় আসা। সর্বশেষ তাকে দেখা গেছে বলিউড ছবি ‘দ্য বডি’র একটি গানে। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি ও ঋষি কাপুর। এর আগে অবশ্য আরেকটি রিয়েলিটি টিভি শো ‘নাচ বলিয়ে’র ফাইনালেও উঠেছিলেন। সেখানে সঙ্গী ছিলেন তখনকার বয়ফ্রেন্ড আলি গনি!
পিঠের চোট হার্দিককে মাঠের বাইরে রেখেছে অনেকদিন হলো। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে। অস্ত্রোপচার করিয়েছেন, যদিও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি এখনও। আশা করা হচ্ছে এই মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফরেই তাকে দেখা যাবে ভারতীয় দলে।
হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলে অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার শিভম দুবের। নিউজিল্যান্ড সফরের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুবের খেলার জোর সম্ভাবনা।