এবারের আইপিএলে প্রতিদিন একটি করে ম্যাচ?

DQ0Q8159আইপিএল শুরুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি এখনো। তবে সম্ভাব্য তারিখের সঙ্গে এবারের সংস্করণে থাকছে ভিন্নতা। আগের মতো প্রতিদিন দুটি ম্যাচের জায়গায় এবার হবে একটি করে ম্যাচ।

আইপিএল শুরুর সম্ভাব্য তারিখটি বলা হচ্ছে ২৯ মার্চ। ফাইনাল হবে ২৪ মে। পুরো সূচি এখনও ঠিক হয়নি। জানা গেছে, সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের কাছে মাথা নত করেই এবার দিনে একটি করে ম্যাচ রেখেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নতুন সময় অনুসারে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৭টায়। আগে শুরু হতো স্থানীয় সময় রাত ৮টায়। গতবার দেরি করে ম্যাচ শেষ হওয়ার বিষয়টি খুব ভাবিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে বিসিসিআইকে।

একই সঙ্গে টিআরপিও যে বিষয়টি ভাবিয়েছে তেমনটি বলছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা, ‘দেখুন টিআরপি একটি ইস্যু এটা নিশ্চিত। কিন্তু সেটাই শুধু একমাত্র কারণ নয়, গত মৌসুমের ম্যাচগুলো দেখুন। কত দেরিতে শেষ হয়েছে। যারা মাঠে এসেছিলেন, রাতে বাড়ি ফিরতেও তাদের সমস্যা হয়েছে। অবশ্য এ বিষয়টি আলোচনার মধ্যে থাকলেও মনে হচ্ছে এবার থেকে ম্যাচ সাড়ে ৭ টাতেই শুরু হবে।’

ফ্র্যাঞ্চাইজিগুলো অবশ্য এমনটি মেনে নিতে পারছেন না। তারা মনে করেন কাজের সময় দর্শকদের তখন আসাটা প্রায় অসম্ভব। ফ্র্যাঞ্চাইজির এক কর্তার বক্তব্য, ‘আপনি যদি বড় শহরের বাসিন্দা হন, তাহলে দিল্লি, মুম্বাই অথবা বেঙ্গালুরুর মতো জায়গায় কীরকম যানজট হয় ভালো করেই জানেন। আপনারা কি মনে করেন দর্শকদের অফিস থেকে ৬টায় বের হওয়া সম্ভব, এরপর পরিবার নিয়ে মাঠে আসতে পারবে ম্যাচের শুরুতে? সময় পরিবর্তন করতে গেলে এসব বিষয় অবশ্যই ভাবনায় রাখতে হবে।’

বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, এবারের আইপিএলটি হবে দীর্ঘায়িত। ৫৭ দিন ধরে ম্যাচ হবে। আগে টুর্নামেন্টটি হতো ৪৫ দিনে।