সঙ্গত কারণেই ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এই জুলাইয়ে তার বয়স হয়ে যাবে ৩৯। বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলেননি। সম্প্রতি ধোনি নিজেও বলেছিলেন, ‘জানুয়ারির আগে কোনো কথা নয়।’
শাস্ত্রী নিজেই ধোনির সঙ্গে কথা বলেছেন সম্প্রতি। তবে ড্রেসিংরুমের কথোপকথনের সেই অংশ সবার সামনে বলতে চান না ভারতের হেড কোচ। সিএনএন নিউজ-১৮ তে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘আমাদের কথা হয়েছে, তবে সেটা আমার আর ধোনির মধ্যে, ড্রেসিংরুমে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাওয়া ধোনি টেস্টকে বিদায় বলেছেন ২০১৪ সালে, ডিসেম্বরে। তবে সাম্প্রতিক ফর্ম ও বয়সের কারণে তাকে নিয়ে সমালোচনায় মুখর অনেকেই। তারা বলছেন শেষ হয়ে গেছেন ধোনি! শাস্ত্রী অবশ্য সমালোচকদের শ্রদ্ধা জানাতে বলছেন ধোনিকে। তার ধারণা, ওয়ানডে খেলাও নিজে থেকেই হয়তো ছেড়ে দেবেন ধোনি, ‘আমার মনে হয় ধোনিকে সবার শ্রদ্ধা করা উচিত। সে দীর্ঘদিন ধরে টানা সব ফরম্যাটে খেলেছে। টেস্ট ছেড়ে দিয়েছে, ওয়ানডে ছেড়ে দেওয়ারও জোর সম্ভাবনা আছে।’
অবসর প্রসঙ্গ যখন বার বার উঠছে, শাস্ত্রী মনে করেন এই মুহূর্তে শুধু টি-টোয়েন্টিই খেলতে চাইবেন ধোনি, ‘ওর যে বয়স, তাতে ও (ধোনি) হয়তো টি-টোয়েন্টিই খেলতে চাইবে। এর মানে হলো ওকে আবার খেলা শুরু করতে হবে। পুরনো জীবনে ফিরে যেতে হবে। কারণ সে আইপিএলে খেলবে, দেখা যাক সেখানে তার শরীর কেমন সাড়া দেয়।’