প্রথম ম্যাচে মোহাম্মদ নাঈম ও তামিমের ৭১ রানের উদ্বোধনী জুটির সুবিধাও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৪১ রানে থেমে বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে হারের ব্যবধান ছিল আরও বড়। আরেকটি ব্যাটিং ব্যর্থতায় বাবর আজমদের কাছে বাংলাদেশ হেরে যায় ৯ উইকেটে!
আজকের ম্যাচটি পাকিস্তানের জন্যেও গুরুত্বপূর্ণ। হেরে গেলে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে বাবর আজমের দল। জয় পেলে তো বটেই, বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলেও শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে স্বাগতিকদের।
বাংলাদেশ পাকিস্তান সফর করবে তিনধাপে। প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি খেলবে তিনটি টি-টোয়েন্টি। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ধাপে খেলবে একটি টেস্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি সেটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরে ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুইদিন পর নামবে দ্বিতীয় টেস্ট খেলতে।