ডালিয়ার নিভৃতে অবসর

ডালিয়া আক্তার২০০৮ সাল থেকে জাতীয় হ্যান্ডবল দলের সদস্য ডালিয়া আক্তার ডিসেম্বরে এসএ গেমসে খেলতে চেয়েছিলেন। কিন্তু চোট ও ব্যক্তিগত সমস্যার কারণে নেপালে যেতে পারেননি। আর জাতীয় দলে খেলতেও চান না। নিভৃতেই অবসর নিয়ে ফেলেছেন ডালিয়া।

শুধু জাতীয় দল নয়, ঘরোয়া হ্যান্ডবলেও আর বেশি দিন খেলবেন না। আগামী মার্চে বিজেএমসির হয়ে বাংলাদেশ গেমসই খেলোয়াড় হিসেব তার শেষ প্রতিযোগিতা হবে।

তবে কোচিংয়ের সঙ্গে জড়িয়ে থাকবেন ডালিয়া। গত বছর একটি পুরুষ দলের কোচ হয়েও হৈচৈ ফেলে দিয়েছিলেন, বিদেশে কোচিং কোর্সও করেছেন।

অবসর প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে ডালিয়া বলেছেন, ‘অনেক তো হলো। প্রায় ২৫ বছর  হ্যান্ডবল খেলছি। পাশাপাশি কোচিং করাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় দলে আর খেলবো না। ঘরোয়া হ্যান্ডবল থেকেও অবসর নেবো। মার্চে বাংলাদেশ গেমসে অংশ নিয়ে খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানবো।’

শুধু হ্যান্ডবল নয়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ফুটবল খেলেছেন ডালিয়া। ২০১৪ সালে ফিফার কোচেস কোর্সও করেছেন। কিন্তু হ্যান্ডবলেই গড়েছেন ক্যারিয়ার।

কোচিং নিয়ে তার অনেক স্বপ্ন, ‘জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় হ্যান্ডবলের আন্তর্জাতিক কোচেস কোর্স করেছি। আমার পরিকল্পনা, অবসরের পর কোচিংয়ের সঙ্গে জড়িত থাকা। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই। সেটা নারী-পুরুষ যে দলেরই হোক।’