জয়সাওয়ালের ব্যাটে ভারতের প্রতিরোধ

অভিষেকের উইকেট উদযাপন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে উইকেট ভেজা থাকায় টস জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। শুরুতে এক ওপেনারের উইকেট তুলে নিলেও আরেক ওপেনার জয়সাওয়াল তিন নম্বরে নামা তিলক বর্মাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছেন।

প্রথম ১০ ওভারে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় ছিলেন ভারতীয় দুই ব্যাটসম্যান। শুরুতে দুই প্রান্ত থেকে দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান মিলে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল ও দিব্যাংশ সাক্সেনাকে কোণঠাসা করে রেখেছেন। সপ্তম ওভারে অভিষেক নিজের চতুর্থ বলে তুলে নেন সাক্সেনার উইকেট। তবে দ্বিতীয় উইকেটে নামা তিলক বর্মাকে সঙ্গে নিয়ে জুটি গড়ছেন ওপেনার জয়সাওয়াল। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯১ রান। ক্রিজে আছেন ওপেনার জয়সাওয়াল (৪৮) ও তিলক বর্মা (৩৫)।

বাংলাদেশ দলের দুই পেসার শুরুটা করেছেন মেডেন দিয়ে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম রান তোলে ভারত। ধীরে ধীরে শুরুর সমস্যা কাটিয়ে উঠেছে ভারতীয় ব্যাটসম্যানরা।

এবারের যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ-ভারত দুটি দলই অপরাজিত। তবে আজ একটি দলকে হার মানতেই হবে। বিজয়ী দল হবে অপরাজিত চ্যাম্পিয়ন। ম্যাচটি যেহেতু ফাইনাল, সেহেতু উত্তেজনার পারদও আকাশচুম্বী। আর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।

দলে আজকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় এসেছেন অভিষেক দাস। ভারতীয় দল অপরিবর্তিত।