বিশ্বজয়ের নায়ক আকবরই নেই মূল ব্যানারে!

মূল এই ব্যানারে স্থান পাননি আকবর আলী!মুশফিকুর রহিম-মেহেদী মিরাজ যা পারেননি, তাই করে দেখিয়েছেন আকবর আলী। চারবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। বিশ্বজয়ের সুখস্মৃতি নিয়ে বুধবার বিকাল ৪টা ৫৫ মিনিটে দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল,  সঙ্গে থাকবে বিশ্বকাপের সোনালি ট্রফি।

তাই আকবর আলীদের বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের প্রধান ফটকসহ বেশ কিছু জায়গাতে ট্রফিসহ ব্যানার টানানো হয়েছে। অথচ এই ব্যানারেই রয়ে গেছে অসংগতি। টানানো মূল ব্যানারে স্থান পায়নি বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!

ছোট ব্যানারগুলোতে আকবরকে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে বিসিবির প্রধান ফটকে বড় করে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলোর ছবি সংবলিত ব্যানার লাগায় বিসিবি। মূল ব্যানারে আকবর না থাকলেও দুই নম্বর গেট বরাবর ওপর থেকে নিচে লম্বা করে টানানো ছোট দুটি ব্যানারে রয়েছে তার ছবি। সেখানে অবশ্য আকবরকে ফোকাস করেই ব্যানারটি বানানো হয়েছে। তবে প্রধান ব্যানারে তার ছবি না থাকাটা বেমানানই!

এ অবস্থায় প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কেন আকবর আলী নেই মূল ব্যানারে?  প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী উত্তরে বলেছেন,  ‘আইসিসি থেকে ছবি চাওয়া হয়েছে। আমরা যে গ্রুপ ছবিগুলো পেয়েছি, সেই ছবিগুলোতে আকবর থাকলেও জুম করলে তা ফেটে যাচ্ছিল। তাই সেখানে আকবর অনুপস্থিত। তবে আরও কিছু ব্যানার তৈরি হচ্ছে, সেখানে সে থাকছে। আমরা আরও দুটো ব্যানার লাগিয়েছি, যেখানে আকবরকে ক্রপ করে কেটে বসানো হয়েছে, আসলে সবার ছবিই ক্রপ করে বানানো হয়েছে।'