করোনা-সতর্কতা, ‘হ্যান্ডশেক’ করবেন না তামিম

অনুশীলনে এসে হ্যান্ডশেক না করে ‘এলবোশেক’ করলেন তামিম ইকবালবিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। ধীরে ধীরে সব স্পোর্টস ইভেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। ক্রিকেটাররা তাই সতর্ক হচ্ছেন খেলার মাঠে। তামিম ইকবাল যেমন শনিবারের অনুশীলনে একবারের জন্যও হাত মেলাননি কোনও সতীর্থদের সঙ্গে। যতটা সম্ভব হ্যান্ডশেক (করমর্দন) করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন তামিম।

বেলা ২টায় প্রাইম ব্যাংকের জার্সি গায়ে অনুশীলনে আসেন তামিম। শুরুতেই গণমাধ্যমকমীর্দের সঙ্গে কনুই দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। হাত মেলাননি। এরপর মাঠে নেমে মুমিনুল থেকে শুরু করে সতীর্থদের সঙ্গে কনুই মিলিয়েই শুভেচ্ছা বিনিময় করছেন। এ ব্যাপারে তামিম বলেছেন, ‘হ্যান্ডশেক যতটা সম্ভব কম করা যায়, সেটাই ঠিক। আমাদের সমাজে খুব বেশি মানুষ হয়তো এটা পছন্দ করবে না। তবে এখনকার পরিস্থিতিতে হ্যান্ডশেকের পরিবর্তে অন্য কিছু করা উচিত।’

করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক, ‘ এটি অবশ্যই চিন্তার। আশা করবো কঠিন সময় থেকে পৃথিবী দ্রুত বেরিয়ে আসবে। বিশ্বের সব স্পোর্টস ইভেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত, যারা করোনাভাইরাস নিয়ে কাজ করছেন তারা সঠিক মানুষদের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেবেন।’

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী খেলতে কোনও সমস্যা নেই বলে মনে করেন তামিম, ‘বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা খেলতে প্রস্তুত। পরে ভাইরাসটির প্রাদুর্ভাব যদি হয় হয়তো নতুন করে সিদ্ধান্ত আসবে। এ নিয়ে আমাদের ভাবনা নেই।’