২ দিন আগে বাবা মুশফিকের ফিটনেস পার্টনার হয়েছিলেন ছেলে মায়ান। যেটির ভিডিও পোস্ট করেছিলেন মুশফিকুর রহিম নিজেই। রবিবার ছেলে মায়ানের সঙ্গে আরও নিবিড় সময় কাটাতে দেখা গেছে মুশফিককে।
রবিবার মুশফিকের পোস্ট করা আরেকটি ভিডিওতেও দেখা গেলো ছেলে মায়ানকে। টাইটেলে লেখা ছিল, ‘এর নাম ভালোবাসা।’
তাতে দেখা যায়, বিছানায় শুয়ে থাকা মুশফিকের কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন ছোট্ট মায়ান। বাবার মাথার চুল টেনে দিচ্ছিলেন। মুশফিককে বলতে দেখা যায়, তার চোখ ও মাথায় ব্যথা। মায়ান অবশ্য ব্যথা উপশমের ভঙ্গিতে বাবার কপালে স্নেহের পরশ বুলিয়ে দেয় সেসব স্থানে।
বাবা-ছেলের ভালোবাসার ৪৭ সেকেন্ডের মধুর ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুশফিকের ভক্তেরা প্রশংসাসূচক মন্তব্য করে করে মুশফিক-মায়ানের মুহূর্তটি আরও রাঙিয়ে তুলেছেন।
শাহীন আহমেদ নামের এক মুশফিক ভক্ত লিখেছেন, ‘একজন পিতার জন্য দারুণ একটা মুহূর্ত। পরিবারের সঙ্গে সুখী কোয়ারেন্টাইনে থাকুন।’
আশরাফ বিন হাসান নামের একজন লিখেছেন, ‘বাবাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। বাবা-ছেলে দু’জনের প্রতিটিই মুহূর্তই ভালোবাসা।’