গত মাসেই সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্র উড়ে যান সাকিব। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় এই সুখবরটা জানিয়েছেন তার মা শিরিন রেজা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খবরটা পেয়েছি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।’
ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা না জানানোর শাস্তি হিসেবে ক্রিকেট থেকে বর্তমানে নিষিদ্ধ আছেন সাকিব। মার্চের শুরুতে দেশে ফিরেছিলেন তিনি। বেশ কিছু দিন জন্মস্থান মাগুরায় সময় কাটান। এরপর গত ২১ মার্চ তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। থাকতে হয়েছে আইসোলেশনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্ত্রী ও সন্তান থেকে কাছেরই একটি হোটেলে ১৪ দিন স্বেচ্ছায় আলাদা থাকেন তিনি। এরপর ৩ এপ্রিল ফেরেন পরিবারের কাছে।