অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রত্যয় নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল র্যাঙ্কিংয়ে উন্নতি করে পরের বছর বাছাই পর্ব যেন এড়ানো যায়। কিন্তু কোনও লক্ষ্যই পূরণ হয়নি সালমাদের। বিশ্বকাপে তারা একটি ম্যাচও জিততে পারেনি।
টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তির লড়াইয়ে পেরে উঠেনি সালমারা। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করলেও পরাজয়ের বৃত্তেই বন্দি থেকেছে পুরো দল। এমন অবস্থায় কোচিং স্টাফ পরিবর্তনের বিকল্প দেখছেন না বিসিবির উইমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘বিশ্বকাপের ব্যর্থতাই কেবল নয়, এমনিতেই পুরনো কোচিং স্টাফদের সঙ্গে আমাদের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। যেহেতু তারা সফলতা পাননি, আমরা চাচ্ছি কোচিং স্টাফ পরিবর্তন করতে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই প্রক্রিয়া শুরু করতে পারবো না। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, তাহলে আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবো।’
২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া জরুরি। কিন্তু করোনার কারণে কোনও পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারছে না দেশগুলি। তার ওপর বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। যেটি শ্রীলঙ্কাতে হওয়ার কথা এই বছরের জুলাইয়ে।
এই পরিস্থিতিতে ছেলেদের ক্রিকেটের চেয়ে মেয়েদের ক্রিকেটেই বেশি ক্ষতি হয়েছে বলে মনে করেন শফিউল আলম চৌধুরী নাদেল, ‘ছেলেদের চেয়ে আমাদের ক্ষতিটা বেশিই হয়েছে। জুলাইয়ের বাছাইপর্বের জন্য এখন আমাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা কারণে আমরা কিছুই করতে পারছি না।’