একই সঙ্গে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লদিও তাপিয়া এবারের মৌসুমের ইতি টেনে বলেছেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করে দিচ্ছি। যা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’ তবে তিনি জানিয়েছেন, মৌসুম শুরু করতে তারাও মুখিয়ে। কিন্তু পরিস্থিতি কখন ঠিক হবে তার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ।
আর্জেন্টিনায় কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে ৩ হাজার ৮৯২জনের মতো। এখন পর্যন্ত মারা গেছেন ১৯২ জন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী আলবের্তো ফার্নান্দেস ঘোষণা করেছেন, দেশব্যাপী বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব চলবে ১০ মে পর্যন্ত।
এমন পরিস্থিতিতে তাপিয়া জানিয়েছেন, দেশটির ফুটবলে প্রোমোশন চলবে, কিন্তু রেলিগেশন বা অবনমন দুই মৌসুম বন্ধ থাকবে। সাধারণত তিন বছর মেয়াদে প্রতিটি ম্যাচের পয়েন্টের জটিল হিসাবের মাধ্যমে অবনমন নির্ধারিত হয়। করোনার কারণে এই মৌসুম ও পরের মৌসুম সেটি আর হচ্ছে না।
এই অবস্থায় মৌসুমে সৃষ্ট জটিলতা নিয়ে তাপিয়া বলেছেন, ‘২০১৯-২০ মৌসুম শেষ। পুরনো মৌসুমে পয়েন্ট টেবিলের অবস্থান দিয়েই কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানায় কারা স্থান পাচ্ছে তা নিশ্চিত হয়। তার পরেও আরও দুটি স্থান পূরণ বাকি থাকে, যেহেতু কোপা সুপারলিগা ও কোপা আর্জেন্টিনাও বন্ধ করতে যাচ্ছি। এই স্থানে কারা যাবে, সেটি ভবিষ্যতে জনস্বাস্থ্য গাইড লাইন মেনে নির্ধারণ করবো।’