বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভবিষ্যৎ কী ?

mehedi-hasan-picks-kusal-mendisপাকিস্তানের পর আয়ারল্যান্ড সফর স্থগিত হয়েছে বাংলাদেশের। স্থগিত হয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজও। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয় দলের তিন তিনটি সফর স্থগিত হওয়ার পর আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও শঙ্কা জেগেছে।

আগামী জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফর হবে নাকি পিছিয়ে যাবে-এ নিয়ে এখনও অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছেন, সিরিজটিকে নিয়ে তারা এখনও অনিশ্চয়তার মধ্যেই আছেন।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ইতোমধ্যেই শ্রীলঙ্কায় কয়েকটি সফর স্থগিত হয়েছে। আমাদের সঙ্গে লঙ্কান বোর্ডের কথাবার্তা হচ্ছে, যোগাযোগও রাখছি। কিন্তু এখনই বিষয়টা পরিষ্কার করা যাবে না। কারণ একটি বিষয় মাথায় রাখতে হবে, যে দেশে খেলতে যাবো সে দেশের অবস্থা ভালো হলেই হবে না। আমাদের পরিস্থিতি, ভ্রমণের ব্যাপারে সরকারের নির্দেশনা কী এসব বিষয়ও জড়িত।’

তাই এখনই কোনও সিদ্ধান্ত দিতে পারছে না বিসিবি। তারা চায় আরও সময়। নিজাম উদ্দিনের কথাতেই মিললো তেমন ইঙ্গিত, ‘এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফর হবে কি না, সেট বুঝতে আরেকটু সময় নিতে হবে। যেহেতু সরকার করোনা নিয়ে কাজ করছে এবং কেউই বলতে পারছে না কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি ঠিক হবে। তাই শ্রীলঙ্কা সফর এখনও অনিশ্চয়তার মধ্যেই আছে।'