গোড়ালির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। শেষ দুই টেস্টের জন্য তার জায়গায় ক্যারিবিয়ান দলে ফিরেছেন আরেক পেসার মিগুয়েল কামিন্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত একটি ওয়ানডে ম্যাচ খেলেচন কামিন্স। ঘরের মাঠ জ্যামাইকাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৬ ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট লাভ করেন এই পেসার।
তবে কামিন্সের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৩৬ ম্যাচে ২২.৮৩ গড়ে ৯৯ উইকেট নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের চলমান ঘরোয়া লিগেও বল হাতে দারুণ করছেন বার্বাডোজের এই পেসার।
হোবার্টে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বোলিংযের সময় গোড়ালির চোটে পড়েন গ্যাব্রিয়েল। ফলে বাকি সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অসিরা।
/এমআর/