রাজনীতি খুন করছে ক্যারিবিয়ান ক্রিকেটকে: ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন ডোয়াইন ব্রাভো। সাবেক এই অধিনায়কের মতে, ক্রিকেট বোর্ডে অতিরিক্ত রাজনীতির কারণেই ক্যারিবিয়ান ক্রিকেট দুঃসময় নেমে এসেছে।

বিগ ব্যাশে খেলতে আসা এই অলরাউন্ডার বলেন, খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের সম্পর্ক ভালো নয়। যথাযথ সুযোগ সুবিধা পাচ্ছে না ক্রিকেটাররা। বোর্ডও ঐক্যবদ্ধ নয়। তাদের একটি টিমের মতো মনেই হয় না। রাজনীতির বাড়াবাড়ি আমাদের ক্রিকেটকে খুন করে ফেলছে।

ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের দিকে তাকানো দরকার। আমাদের যথাযথ মাঠ নেই, একাডেমিও নেই। এসবই আমাদের পতনের কারণ।

গত বছর ভারত সফরে গিয়েও না খেলে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। খেলোয়াড়রা স্ট্রাইক করে সফর ছেড়েছিলেন। তাদের কোচ বরখাস্ত হয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, খেলোয়াড়রা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলার চেয়ে বাইরের দেশে আকর্ষণীয় টি-টোয়েন্টি খেলতেই বেশি ব্যস্ত। এসব ঠিক করতে খেলোয়াড়, বোর্ড সদস্য ও ব্যবস্থাপনা কর্তাদের মধ্যে সম্পর্কের উন্নতি দরকার। তাদের আরও সৎ হতে হবে।

এক বছর আগে ব্রাভোর কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব কেড়ে নেয়া হয়। এরপর বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েন তিনি। গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে খেলার মধ্যেই আছেন ব্রাভো। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন।

/এমআর/