বিগ হিটার হিসেবে ক্যারিয়ারের শুরু থেকে নামডাক আছে মাশরাফি বিন মুর্তজার। ঝড়ো ব্যাটিং করে কিছু ম্যাচ জেতাতে অবদানও রেখেছেন। মজার তথ্য হলো ওইসব ম্যাচে নিজের নয়, তামিমের ব্যাট দিয়েই ব্যাটিং করেছেন মাশরাফি! অবশ্য এর জন্য তামিমকে ব্ল্যাকমেইল করে সুযোগটা নিতেন সাবেক ওয়ানডে অধিনায়ক।
সোমবার রাতে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফেসবুক লাইভে আড্ডায় বসেছিলেন তামিম ইকবাল। সেখানেই জানা গেলো এমন তথ্য। মাশরাফির কাছে তামিমের প্রশ্ন ছিল, ‘ব্যাট দিলে সেঞ্চুরি পাবি, নয়তো পাবি না। আপনি এমন ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে ব্যাট নিতেন কেন?’
একগাল হেসে মাশরাফির উত্তর, ‘ব্যাটের দাম কতো বল? তুই যে ব্যাট দিয়ে খেলিস সেটার দাম ৫০ হাজার টাকা। সৌম্যরা যেগুলো দিয়ে খেলে ওটার দাম ৪০ হাজারের মতো। আমি চিন্তা করে দেখেছি ৫০ হাজার টাকা খরচ করে ব্যাট কিনে কী লাভ? তামিমের কাছে তো আছেই।’
‘তার মানে সেঞ্চুরির লোভ দিয়ে ব্যাট নেন তাইতো?’ তামিমের পাল্টা প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সেঞ্চুরিতো তুমি করোই, সেটাতো বলো না। সেটাও না….। আসলে আমি অসুস্থ হয়ে গেছি। আমি তোর ব্যাট ছাড়া খেলতে পারি না। তোর ব্যাট ছাড়া আমার কারও ব্যাট ভালো লাগে না। তুই একবার বলেছিলি, দুইটা ব্যাট দেই, আপনি এক লাখ টাকা দেন। আমি বলেছি ঠিক আছে এক লাখ টাকা তুই পেয়ে যাবি। ব্যাট দুইটা আগে দে। কিন্তু টাকাতো আলহামদুলিল্লাহ এখনও বাকি (হাসি)।’
ম্যাচের আগে-পরে মাশরাফি ভবিষ্যদ্বানী করলে ফলে যেত সেসব। একবার বাথরুমে মাশরাফি লিখে রেখেছিলেন, ‘তামিম ৬ মাস পর সেঞ্চুরি করবে।’ বাস্তবেও দেখা গেছে এমনটা। এ নিয়ে মাশরাফির কাছে তামিমের প্রশ্ন ছিল, ‘আপনি কেনও আমার সঙ্গেই এগুলো করেন?’
মাশরাফি বলেছেন, ‘শুধু কি তোর সঙ্গেই করি… আমার জীবনে তোর সঙ্গেই সবচেয়ে বেশি মতপার্থক্য হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে হয়। এগুলো তোর সঙ্গে ফাজলামি করি। আমিতো চাই তুই রান কর। তুই আমাদের দলের ব্যাটিং স্তম্ভ। তোর ওপর নির্ভর করে আমাদের রানের চাকা।’