কোন তিনটি জয় মাশরাফির প্রিয়?

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা মাশরাফিমাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ৫০টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এতগুলো জয় থেকে মাশরাফিকে তিনটি জয় বেছে নিতে বলা হয়েছিল ফেসবুক লাইভ আড্ডায়। আর এমনটি করতে বলেছিলেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল-ই। শুরুতে মাশরাফি কিছুটা দ্বিধায় থাকলেও পরে জানিয়েছেন সেই প্রিয় তিনটি ম্যাচের কথা।

মাশরাফি প্রথমবারের মতো অধিনায়কত্ব পান ২০০৯ সালে। কিন্তু ওই সফরেই ছিটকে যান বাংলাদেশের সফলতম অধিনায়ক। এরপর ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন পথচলা শুরু। এই বছরে মার্চের ৬ তারিখ সেই পথচলা থামার আগে মাশরাফি পূরণ করেন জয়ের হাফসেঞ্চুরি।

লাইভে এ প্রসঙ্গেই তামিম প্রশ্ন করেন মাশরাফিকে, ‘আপনার নেতৃত্বে আমরা ৫০টি ম্যাচ খেলেছি। যা আমাদের জন্য অবিস্মরণীয় অর্জন। আর অধিনায়ক হিসেবে আপনার এই পরিসংখ্যান সত্যিকার অর্থে অসাধারণ। আপনার হিসেবে এই জয়গুলোর মধ্যে সেরা তিন কোনগুলি? যা আপনার খুব প্রিয়।’

তামিমের এমন প্রশ্নে শুরুতে মজা করে উত্তর দেন মাশরাফি, ‘তুই (তামিম) আমাকে দুপুরে যখন কথা হলো তখন বলে রাখতি।’

তার পরেই মাশরাফি জানালেন, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ও ঘরের মাঠে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একমাত্র জয়টির কথা, ‘অবশ্যই ইংল্যান্ডের সঙ্গে ২০১৫ বিশ্বকাপে। যে ম্যাচ জিতে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করি। অবশ্যই অবশ্যই চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব ও রিয়াদের শতকে ভর করা ম্যাচটা। সে জয়টা অবিশ্বাস্য। এছাড়া ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় মাচটা। যে ম্যাচে তাসকিন মাঝে বোলিংয়ে এসে ৩টা উইকেট নিলো।’