যুবাদের প্রস্তুতিতে চার অনুশীলন ম্যাচ

আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ দলের যুব বিশ্বকাপ। যুবাদের প্রস্তুতিতে তাই কোনও ত্রুটি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ৪টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বিসিবি।

শনিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মিরাজ বাহিনী। তাদের প্রতিপক্ষ মার্শাল আইয়্যুব-শামসুর রহমানরা। বাকি ৩টি ম্যাচের একটি হবে ফতুল্লায় অন্য দুটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। আগামী ২১ ডিসেম্বর ম্যাচটি ফতুল্লায় এবং ২৩ ও ২৪ ডিসেম্বরের ম্যাচ ২টি হবে মিরপুরে।

প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে যুব দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ছেলেদের প্রস্তুতিটা আরও ভালো করতেই এই ব্যবস্থা। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে একটা দল বানানো হয়েছে। তাদের সঙ্গেই খেলবে মিরাজরা।’

সিনিয়র দলে আছেন সৈকত আলী, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়্যুব, মোহাম্মদ শহীদ, মেহরাব হোসেন জুনিয়রসহ আরও অনেকে।

এর আগে কক্সবাজারে এক সপ্তাহ ক্যাম্প করে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছে যুব ক্রিকেট দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল উইকেটে অনুশীলন করেছেন তারা।ম্যাচের মতো পরিস্তিতি তৈরি করে দলের ক্রিকেটাদের অনুশীলন করিয়েছেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুব ভালো ক্যাম্প হয়েছে। ছেলেরা অনেক পরিশ্রম করছে। ওখানে আমরা ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে খেলেছি। উদ্দেশ্যে ছিল উইকেটের সঙ্গে ছেলেদের মানিয়ে নিতে সাহায্য করা। আমার মনে হয় আমরা সফল হয়েছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলছে। তাদের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। ২৭ জানুয়ারি চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলা বাংলাদেশ পরের দুটি ম্যাচে ২৯ জানুয়ারি স্কটল্যান্ড ও ২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে। দুটো খেলাই হবে কক্সবাজারে।

চলতি বছরের শুরু থেকে যুবাদের নিয়ে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বিসিবি। সেই পরিকল্পনার অংশ হিসেবে তাদের উপদেষ্টা হিসেবে জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট লকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেয় বিসিবি। প্রথম দফা তিনি ঢাকায় এসে যুবাদের কিছু দিকনির্দেশনা দিয়ে ফিরে গেছেন। আগামী জানুয়ারি মাসের শুরুতে এসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কাজ করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, সব কিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ক্যারিবিয়ান যুব দলের। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কক্সবাজার চলে যাবে তারা। ১১ জানুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৪ ও ১৬ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শেষে বিশ্বকাপের জন্য এখানেই প্রস্তুতি নেবে ওয়েস্ট ইন্ডিজ যুবারা।

/আরআই/