আবার বন্ধ হলে চ্যাম্পিয়ন ছাড়াই মৌসুমের ইতি টানবে সিরি আ!

serieacropped_b5y2yjpaovzl1u1p7awcdswsqসিরি ‘আ’ আবারও শুরু হচ্ছে ২০ জুন থেকে। নতুন করে চালু হলেও মৌসুম নির্বিঘ্নেই শেষ করা যাবে, এমন আশা করছে না ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাই বিকল্প পরিকল্পনাও রাখছে কর্তৃপক্ষ। লিগ আবার বন্ধ হয়ে গেলে চ্যাম্পিয়ন ছাড়াই মৌসুমের ইতি টানবে সিরি আ!

মৌসুম যদি শেষ করা না যায়, তাহলে বিকল্প হিসেবে প্লে অফ অথবা গাণিতিক পদ্ধতি ব্যবহারের কথা ভাবছে ফেডারেশন। শুক্রবার সিরি আ’র ক্লাবগুলো সিদ্ধান্ত নিয়েছে, পরিস্থিতি এমনটি হলে কাউকে চ্যাম্পিয়ন ঘোষণার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কোনও অবনমনেরও।

নতুন এই প্রস্তাবে অনুমোদন রয়েছে ফেডারেশন প্রধান গাব্রিয়েলে গ্রাভিনার। সর্বসম্মতিক্রমেই সেটি পাশ হয়েছে। তবে এতে ভোট দেয়নি তিন প্রতিনিধি। তার পরেও সর্বসম্মতিতে সেটি পাশ হওয়ায় গ্রাভিনা বলেছেন, ‘আজকে ফুটবলই জয়যুক্ত হয়েছে। আমরা একতা দেখাতে পেরেছি। শুরু থেকে আমরা আন্তর্জাতিক দৃশ্যপটের মাঝে থাকতেই সমর্থন দিয়েছি।’

অবশ্য পরিকল্পনা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সিরি আ। গ্রাভিনা বলেছেন, ‘আমরা এখনও বিস্তারিত কিছুই ঠিক করিনি। তবে সব কিছুই করবো যখন মৌসুম শুরু হবে।’

নতুন করে পরিস্থিতি অবনতি হলেই এই পরিকল্পনা কাজে দেবে। তখন প্লে অফ বা গাণিতিক পদ্ধতি ব্যবহার করে টেবিলে দলের অবস্থানগুলো চূড়ান্ত করা সম্ভব হবে।