টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে

ICC-T20-World-Cup-2020-Prize-Money২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য আজকের সভাতেও ঠিক করতে পারেনি আইসিসি। এ ব্যাপারে আরেকটু অপেক্ষা করে আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। করোনাভাইরাস পরিস্থিতিতে এটি শেষ পর্যন্ত হতে পারে কি  না সে নিয়ে বড় সংশয় আছে। তবে আইসিসি বলেছে এটি আয়োজন করা যায় কি না সে ব্যাপারে আপৎকালীন পরিকল্পনার সব উপায় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আজকের সভা শেষে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র একটিই তো সুযোগ পাবো। সুতরাং এটি সঠিক হওয়াই উচিত। আমরা আমাদের সদস্য, সম্প্রচার সংস্থা, অংশীজন, সরকার এবং খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করে নিশ্চিত করতে চাই যে সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে।’

টি-২০ বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ মানে ভারতের পয়সাওয়ালা আইপিএল আয়োজনের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ড আশায় আছে, টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে ওই উইন্ডোতেই আয়োজন করা হবে আইপিএল। এটি যে শুধু ভারতীয় বোর্ডের চাওয়া তা-ই নয়, অনেক দেশের শীর্ষ খেলোয়াড়েরাও এমনটি চান।

টি-২০ বিশ্বকাপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারলেও আজকের সভায় বিসিসিআইয়ের কর মওকুফের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সেটি হলো বিষয়টির সুরাহা করতে বিসিসিআইকে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এই কর রেয়াত নিয়ে আইসিসি ও  সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে দড়ি টানাটানি চলে আসছে লম্বা সময় ধরে।