বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটি স্থগিতের কথা জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা বলেছে, ‘জুনে ভারতের শ্রীলঙ্কা সফরটি সূচি অনুযায়ী আর হচ্ছে না।’
করোনাভাইরাসের মহামারির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কাকে জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে সিরিজটি মাঠে গড়ানোটা সম্ভব নয়। তবে এই সিরিজ পুরোপুরি বাতিলও হয়ে যায়নি।
দুই দেশের বোর্ডই বলছে, সিরিজটি ভবিষ্যতে মাঠে গড়াবে, এ ব্যাপারে তারা আশাবাদী। তাই অন্য কোনও সূচিতে সিরিজটি মাঠে গড়ানো যায় কিনা, এনিয়েও ভাববে তারা। দ্য আইল্যান্ড জানাচ্ছে, হয়তো আগস্টেই সফরটি মাঠে গড়াতে পারে। অবশ্য এর জন্য প্রয়োজন হবে সরকারি অনুমোদনের।
যদিও সে ক্ষেত্রে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হবে শ্রীলঙ্কাকে। সরকারি পর্যায়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করতে হবে শ্রীলঙ্কাকে। তখন প্রয়োজন হবে সফরকারী দলের জন্য স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা। কিন্তু বিষয়টি এতই জটিল যে তা সাফল্যের মুখ দেখবেই, সেটিও বলা যাচ্ছে না। তবে আপাতত সিরিজটি স্থগিতই থাকছে।
শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি তুলনার বিচারে স্বস্তিদায়কই। এখন পর্যন্ত সে দেশে আক্রান্ত পাওয়া গেছে ৭০৮জন। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ সংখ্যা নগন্যই। মারা গেছেন মাত্র ১১জন। সরকারিভাবে বলা হচ্ছে, সাম্প্রতিক আক্রান্তের বেশির ভাগই আসছে কোয়ারেন্টিন সেন্টার থেকে। এ জন্যই শ্রীলঙ্কা ক্রিকেট ফেরাতে খুব মরিয়া!