এর আগের শুক্রবার ডেল স্টেইনের বাড়িতে তিনবার হানা দিয়েছে দুবৃত্তরা। তার মা একা ছিলেন বাড়িতে, ভীষণই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। স্টেইন টুইট করে জানান, ‘শুক্রবার থেকে আমার বাড়িতে তিনবার ঢোকার চেষ্টা হয়েছে। গতকাল তারা আমার বন্ধুর গাড়িটা গুঁড়িয়ে দিয়েছে আর আজ রাতে বাড়িতে একা থাকা আমার মাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে।’ সবার সুরক্ষা কামনা করে তিনি বলেছেন, ‘অবশ্যই করোনা মানুষকে মরিয়া অবস্থায় ঠেলে দিচ্ছে। মানুষের সুরক্ষা কামনা করি।’
অপরাধ ও আইন-শৃঙ্খলার দিক দিয়ে এমনিতেই বিশ্বে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি উজ্জ্বল নয়। সে দেশে গত ১ জুন থেকে তৃতীয় দফা লকডাউন শুরু হওয়ার পর থেকেই অপরাধ বেড়ে গেছে বহুগুন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হত্যাকাণ্ড। বৃহস্পতিবারই কেপটাউন বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে আট নম্বরে জায়গা করে নিয়েছে। ক্রুগার ন্যাশনাল পার্কের কাছাকাছি স্টেইনের জন্মশহর ফালাবোরওয়া কেপটাউন থেকেও বেশি দূরে নয়।
করোনা নিয়ে যে ৯৩ টেস্টে ৪৩৯ উইকেট পাওয়া ফাস্ট বোলার বেশ উদ্বিগ্ন সেই প্রমাণটা আগেই পাওয়া গেছে। এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকায় লকডাউন শুরু হওয়ার আগে আগে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন, এই সংকটময় মুহূর্তে মানুষকে দাঁড়াতে হবে একে অন্যের পাশে।
বারবার চোটে পড়া স্টেইন গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যদিও এখনও খেলে যেতে চান সীমিত ওভারের ক্রিকেট। এ বছর অক্টোবর-নভেম্বরে নির্ধারিত টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের পরিকল্পনায় ভালোমতোই আছেন ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার। এ জন্যেই গত ফেব্রুয়ারিতে ডাক পান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।