গত মার্চের মাঝামাঝি থেকেই করোনার কারণে গৃহবন্দি ক্রিকেটাররা। মাহমুদউল্লাহও সেই দলে। গৃহবন্দি থেকেই নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন বাংলাদেশের ক্রিকেটের ‘আনসাং হিরো’। ঘরের বিভিন্ন জায়গা ব্যবহার করছেন ব্যায়ামের জন্য। বারান্দা, ড্রইংরুম, বেডরুম কোনও কিছুই বাদ যাচ্ছে। নিজের ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও দিয়ে নিজের ফিটনেস সম্পর্কে ভক্তদের জানাচ্ছেন বাংলাদেশ টি- টোয়েন্টি দলের অধিনায়ক।
সাধারণ ছুটি উঠে যাওয়ার পর ক্রিকেটারদের মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় সেটি আবার নষ্ট হয়ে গেছে। কবে ক্রিকেট মাঠে ফিরবেন জানেন না ক্রিকেটাররা। কিছুদিন আগে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন তিনি আরও কিছুদিন অপেক্ষা করার পক্ষে, ‘লকডাউন খানিকটা শিথিল করলেও পরিস্থিতি তো নিয়ন্ত্রণে নেই! এ অবস্থায় মাঠে ফিরলে ঝুঁকি থাকবে।স্বাভাবিকভাবেই আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।’