আইপিএল সরিয়ে এশিয়া কাপ, মেনে নেবে না বিসিসিআই!

এ বছরে অনুষ্ঠেয় এশিয়া কাপের ভাগ্য এখনও ঝুলে আছে। সম্প্রতি এসিসির সভায় এ নিয়ে সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি দাবি করেছেন, এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরে রাজি হয়েছে এর মূল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন খবর প্রকাশ পাওয়ার পরই তীব্র আপত্তি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত সপ্তাহের সেই সভায় কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছে এসিসি। করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সভাতেই বিয়ষটি সুরাহা হওয়ার কথা। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মি সিলভা দাবি করেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে তারা আমাদের আয়োজক হওয়ার ব্যাপারে রাজি হয়েছে। এসিসি সভাতেই তারা আসলে আমাদের সবুজ সঙ্কেতটা দিয়েছে।’

এমন কথা শুনে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বিস্মিত হয়েছেন। ক্ষুব্ধ হয়েই দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমাদের কোনও ধারণাই নেই, এমন খবর কোথা থেকে আসছে। এসব এত দ্রুত ছড়াচ্ছে দেখে আমরা আসলেই বিস্ময়বোধ করছি।’

এর পরেই তিনি জানালেন এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, ‘বিসিসিআই খুব পরিষ্কার, এ নিয়ে এসিসি সভায় কোনও সিদ্ধান্ত হয়নি। এভাবে সত্য জানাতে জানাতে বোর্ডও খুব ক্লান্ত হয়ে গেছে। এর আগে খবরটি ছিল জিম্বাবুয়ে, শ্রীলঙ্কায় সফর করার বিষয়ে। কিন্তু বাধ্য হয়ে বিবৃতিতে দিয়েই এ বিষয়টি পরিষ্কার করতে হয়েছে। আর এখন এই খবর।’

ওই কর্মকর্তা আরও পরিষ্কার করে দিয়েছেন, এই বছরে শুধু এশিয়া কাপের জন্য আইপিএলকে কাটছাঁট করা যাবে না, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এশিয়া কাপের জন্য আইপিএল কাটছাঁট করা যাবে না। যারা এমনটি ভাবছে তারা আসলে ভারতের স্বার্থের বিষয়টি দেখছে না। আর বিসিসিআই এমন কিছুর সঙ্গী কখনও হবে না।’

কিছুদিন আগেই জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড স্থগিত আইপিএল আয়োজন করতে চায় সেপ্টেম্বর-অক্টোবরে। আর এশিয়া কাপটিও হওয়ার কথা সেপ্টেম্বরে। এখন পরিস্থিতি যেমন, তাতে ভিন্ন কিছুরই আভাস মিলছে!