শামিও ভেবেছিলেন আত্মহত্যার কথা!

মোহাম্মদ শামি। -রয়টার্স (ফাইল ছবি)লাদাখে চীন-ভারত সীমান্ত সংঘর্ষে সেদিন প্রাণ গেছে ২০ ভারতীয় সেনার। ঘটনাটা যেন দুই এশীয় পরাশক্তির বড় যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিতবাহী। উত্তপ্ত ভারত। এর মধ্যেও সেলুলয়েডের ‘এমএস ধোনি’ সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর ধাক্কা যেন কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ভারতের ক্রিকেট সমাজ এখনও শোকাচ্ছন্ন ৩৪ বছর বয়সী প্রতিভাবান তারকার অপমৃত্যুতে। ধোনির বায়োপিকে অভিনয় করার সময় থেকেই ভারতীয় ক্রিকেটারদের বন্ধু হয়ে উঠেছিলেন। এই ‘বন্ধুর’ মৃত্যু ভীষণভাবেই ছুঁয়ে গেছে মোহাম্মদ শামিকে। ভারতীয় দলের পেসার সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাকেও মানসিক অবসাদ ঘিরে ধরেছিল একসময়, ভেবেছিলেন আত্মহত্যার কথাও। কিন্তু তার পরিবারই পাশে থেকে তাকে টেনে তুলেছে খারাপ অবস্থা থেকে।

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। তার বিরুদ্ধে পরকীয়াসহ এন্তার অভিযোগ এনেছিলেন হাসিন। তারওপর ক্যারিয়ারকে হুমকিতে ফেলে দেওয়া চোটে পড়েছিলেন। হতাশা ঘিরে ধরেছিল তিন ধরনের ক্রিকেটেই ভারতের অপরিহার্য পেসারকে। শামি বলেন, ‘আত্মহত্যার কথাও ভেবেছিলাম আমি। তবে পরিবার আমাকে কখনও একা থাকতে দেয়নি। তারাই আমাকে মনে করিয়ে দেয়, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। কেউ না কেউ সবসময় পাশে থাকতো, কথা বলতো আমার সঙ্গে। আধ্যাত্মিক ভাবনাও শক্তি জুগিয়েছিল। ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলা বা কাউন্সেলিং হলো সেরা পন্থা।’

তবে শুধু পরিবারই নয়, সতীর্থ ক্রিকেটারদেরও পাশে পেয়েছিলেন বলে অবসাদের বিরুদ্ধে লড়াইটা জিততে পেরেছেন। আবার ভারতীয় দলে ফিরেছেন স্বমহিমায়। শামি বলেন, ‘মানসিক চাপ প্রভাব ফেলে শরীরের ওপর। তবে অন্যদের সঙ্গে কথা বললে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি ভাগ্যবান যে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ থেকে শুরু করে বিরাট কোহলি,সবাইকে পাশে পেয়েছি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। সতীর্থরা বোঝাতো যে আমরা যেন রাগ ও হতাশা মেলে ধরি। আমি খুশি যে সেই সময়টা কাটিয়ে উঠতে পেরেছি।’

এখানেই সুশান্ত সিং রাজপুতের জন্য দু:খ হচ্ছে শামির, ‘হতাশা এমন এক সমস্যা যা, যেখানে দরকার পড়ে অন্যের মনোযোগের। এটা খুব দু:খের যে সুশান্ত সিং রাজপুতের মতো অসাধারণ এক অভিনেতার জীবন চলে গেল। ও ছিল আমার বন্ধু। ইশ, যদি কথা বলতে পারতাম ওর সঙ্গে, তাহলে ওর অবসাদের ব্যাপারে জানতে পারতাম।’

এদিকে শামির এই বক্তব্যের পিঠেই কথা বলে বিতর্ক উসকে দিয়েছেন তার থেকে বিচ্ছিন্ন থাকা স্ত্রী হাসিন জাহান। তার দাবি, এসব কথা বলে সহানুভূতি বাড়ানোর চেষ্টা করছেন শামি। ভারতের আনন্দবাজার ডিজিটাল হাসিন জাহানকে উদ্ধৃত করেছে এভাবে, ‘শামির মতো লোক আত্মহত্যা করবে? যার আত্মসম্মান নেই সে আত্মহত্যার কথা ভাবতে পারে? ওর তো কোনও অনুশোচনাই নেই। শামি এসব করার লোক নয়। ও আসলে পাবলিসিটির জন্য এসব বলছে। ক্রিমিনাল মানসিকতার লোক কোনওদিন আত্মহত্যার কথা ভাবে না। এগুলো সবই সহানুভূতি কুড়োনোর চেষ্টা।’