শেষ পর্যন্ত সেতিয়েনকেই আরেকটি সুযোগ দিচ্ছে বার্সেলোনার নির্বাহী বোর্ড। সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সভাপতিত্বে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই মৌসুমের শেষ পর্যন্তই মেসিদের দায়িত্বে থাকবেন রিয়াল বেতিসের সাবেক কোচ। চ্যাম্পিয়নস লিগটা জিতে মৌসুমে কিছু পাওয়ার আশায় তার ওপরই আস্থা রাখছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পেই ৮ আগস্ট চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির মুখোমুখি হবেন মেসিরা। ফেব্রুয়ারিতে নাপোলির মাঠে প্রথম লেগ ১-১ ড্র করে আসায় কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভবনায় বার্সেলোনাই একটু এগিয়ে আছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও লিসবনের মাঠে শিরোপা জয়ের পরের পথটা হবে খুব কঠিন।
শনিবার দিয়ারিও স্পোর্ত এবং মুন্দো দেপোর্তিভো চ্যাম্পিয়নস লিগে সেতিয়েনকেই দায়িত্ব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে, তার পারফরম্যান্সের ওপর শ্যেনদৃষ্টি থাকবে থাকবে ক্লাবের। আগামীকাল রবিবার বার্সেলোনা তাদের ব্যর্থ লিগ অভিযান শেষ করতে যাচ্ছে আলাভেসের মাঠে ম্যাচ দিয়ে। জয়, ড্র বা হার- ফল যাই হোক না কেন আলাভেস ম্যাচের আর কোনও গুরুত্ব বার্সেলোনার কাছে নেই। তবে জয়টাই মেসিদের কাছে পরম কাঙ্ক্ষিত। কারণ এ ম্যাচের জয় চ্যাম্পিয়নস লিগের জন্য বেধে দিতে পারে একটা ইতিবাচক ছন্দ।
ওসাসুনার কাছে হারের পর ক্ষুব্ধ মেসি কোনও রাখঢাক না রেখে বিরল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবগুলো ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদ তাদের কাজটা করেছে যা অবশ্যই প্রশংসনীয়, তবে আমরাও তাদের লিগ জিততে সাহায্য করেছি। আমাদের আত্মসমালোচনা করতে হবে যে কেমন আমরা খেলেছি, খেলোয়াড় থেকে শুরু করে ক্লাবের বাকি সবার।’
সেতিয়েনের প্রতিও বার্তা পাঠিয়েছেন মেসি, ‘আমরা এখনও যদি কিছু পেতে চাই, অনেক কিছু বদলাতে হবে আমাদের…।’
চ্যাম্পিয়নস লিগের দায়িত্ব নিশ্চিত হওয়ার আগে হোক পরে হোক, সেতিয়েন একটি জিনিস বদলেছেন। ক্লাব কর্তাদের না বলতে শিখেছেন। এই রবিবারই বার্সেলোনা বি দলের প্লে-অফের জন্য রিকি পুইজ, আনসু ফাতি ও আরাওহোকে না ছাড়ার সিদ্ধান্তে অনমনীয় থেকেছেন। আর এদের ছাড়তেনই বা কী করে। খেলোয়াড়দের চোট, অন্য দলে ধারে পাঠানো বা বিক্রি করে ফেলা-বার্সেলোনায় এখন বিকল্প খেলোয়াড়ের বড্ড অভাব। পুরো ফিট একাদশ গড়াটাই দুষ্কর হয়ে পড়ে মাঝেমাঝে, আলাভাসের সঙ্গে শেষ ম্যাচটিতেও একই সমস্যা।
বার্সেলোনা লিগটা খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স বা কোচের ভুলেই হারেনি। মাথাতেই তো পচন ধরেছে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির।