পিএসএলে বাজিমাত করতে চান মুস্তাফিজ

মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহমান ও মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। গত এপ্রিলে অভিষেক হওয়া মুস্তাফিজ এই প্রথম বাইরের কোনও লিগে সুযোগ পেয়েছেন। স্বভাবতই খুব উচ্ছ্বাসিত তিনি। সুযোগ পেলে প্রথম সফরেই বাজিমাত করতে চান মুস্তাফিজ।

পিএসএলে মুস্তাফিজ খেলবেন লাহোর কুয়ালন্ডরসের হয়ে। তার সঙ্গী ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, ডোয়ান ব্রাভো ও কেভন কুপারের মতো তারকা ক্রিকেটার। তাদের সঙ্গে খেলতে পেরে দারুন উচ্ছ্বাসিত মুস্তাফিজ। বিশেষ করে ক্রিস গেইলের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করবেন বলে বেশি রোমাঞ্চিত তিনি।

যদিও পিএসএল খেলবেন কিনা এইসব প্রশ্ন বিসিবির কোর্টে ঠেলে দিলেন মুস্তাফিজ। তিনি বলেন, বিসিবি অনুমতি দিলে তারপরই খেলতে যাবো।

মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলেই আইসিসি’র ওয়ানডে দলের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। বিপিএল উইকেট প্রাপ্তির দিক থেকে কিছুটা হতাশ হলেও পিএসএলকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন মুস্তাফিজ। বিপিএলে ১০ ম্যাচে নিয়েছেন ১৪টি উইকেট।

পিসিএলে সুযোগ পাওয়ার পর মুস্তাফিজ মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওখানে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। খুবই ভাল লাগছে। বিদেশের মাটিতে আমার প্রথম সুযোগ আমি কাজে লাগাতে চাই। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’

এই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। পেয়েছেন ৬টি উইকেটও। এর মধ্যে সেরা শিকার জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রান খরচ করে দুটি উইকেট। এছাড়াও পাকিস্তানের বিপক্ষেও অভিষেক ম্যাচে ২০ রানে নিয়েছিলেন ২টি উইকেট।

/আরআই/এমআর/