২০২১ সাল পর্যন্ত এইচপি দলের দায়িত্ব পাওয়া টবি র্যাডফোর্ড নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাংলাদেশের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্যের পথে তাদের বিকাশে সহায়তা করা এবং তাদের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বিশেষ সুযোগ। আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার দায়িত্ব শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তার অধীনে শ্রীলঙ্কায় ক্যাম্প করবে এইচপি দল। সেখানে জাতীয় দলের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পাশাপাশি শ্রীলঙ্কার এইচপি দলের সঙ্গেও সিরিজ খেলবে তারা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচিং লেভেল-৪ সম্পন্ন করা এই কোচ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিডলসেক্স ও সাসেক্সের হয়ে। দুই মেয়াদে (২০১২-১৩ ও ২০১৬-২০১৯) ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটিং ও সহকারী কোচও ছিলেন তিনি। এছাড়া গ্ল্যামরগান ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইসিবি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরও পরামর্শক ছিলেন।