শ্রীলঙ্কার জন্য প্রস্তুতি কম হলেও সন্তুষ্ট আল আমিন

আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রস্তুতির জন্য ক্রিকেটারদের ব্যক্তিগত প্রস্তুতিই এখন পর্যন্ত বড় ভরসা! কেননা দেশে দলীয় অনুশীলন করার খুব একটা সুযোগ পাবে না বাংলাদেশ। যতটুকুই প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে সেটা নিতে হবে শ্রীলঙ্কাতে গিয়ে! তারপরও কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করছেন। সেই অনুশীলন নিয়ে সন্তুষ্টি ঝরলো জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের কণ্ঠে।

তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর সঙ্গে গত কিছুদিন ধরে অনুশীলন করছেন আল আমিন। শনিবার অনুশীলন শেষে জানালেন নিজেদের প্রস্তুতির কথা। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ডানহাতি পেসার বলেন,' সামনের সপ্তাহে আমাদের কোচিং স্টাফরা আমাদের মাঝে চলে আসবেন। আমরা আশা করছি তখন আরও ভালো অনুশীলনের সুযোগ-সুবিধা পাবো এবং আরও ভালোভাবে নিজেদের শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে পারবো।'

লকডাউনের সময়টাতে ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করার মাধ্যমে কিছু শেখার সুযোগ হয়েছে উল্লেখ করে আল আমিন বলেছেন, ‘আমরা শেষ দুই সপ্তাহ এককভাবে অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এজন্য স্বস্তি লাগছে। কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। ভার্চুয়ালি কোচদের মিটিং থেকে যেভাবে দিকনির্দেশনা পাচ্ছিলাম এতদিন আমরা সেভাবে চলছিলাম। কিন্তু এখন মাঠের অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। (কোচরা এলে) সামনের সপ্তাহে হয়তো পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি ভালোই হচ্ছে।'

আল-আমিন সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর নভেম্বরে, ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে। বাংলাদেশ সেই টেস্টে হারলেও প্রায় পাঁচ বছর পর দলে ফিরে নেন তিন উইকেট, প্রত্যাবর্তনটা ভালোই হয়েছে। সবমিলিয়ে ৭ টেস্টে ৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।