বোয়াটেং জার্মান পত্রিকা বিল্ডকে বলেছেন, ‘লক্ষ্য করলে আপনি মেসি ও বার্সেলোনার মধ্যে নাটকীয় কিছু ঘটার আঁচ আগেই পেয়েছেন।’ ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বসেরা ফুটবলারটিকে ভালোই পাহারায় রেখেছিল বায়ার্ন। মেসি তার পজিশনে প্রায় অকার্যকর ছিলেন এবং বার্সাকে বলতে গেলে ফুটবল শিখিয়ে ছেড়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। অথচ চার মৌসুম আগের চ্যাম্পিয়নস লিগে মেসির কাছে জেরবার হয়েছিল বায়ার্ন। বোয়াটেংকে ঘোল খাইয়ে ছেড়েছিলেন মেসি।
বোয়াটেং দাবি করেছেন, প্রতিপক্ষ দলে থেকেও মেসির মধ্যে অসন্তোষের ছাপ দেখতে পেয়েছেন বল কিক-অফ হওয়ার আগেই। ছন্দটা মোটেই ঠিক ছিল না।
গত ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে মেসি ক্লাব থেকে বিদায় চেয়েছেন। যে বার্সেলোনায় তার বেড়ে ওঠা, সেই বার্সেলোনার ওপর থেকে মন উঠে গেছে। ম্যানচেস্টার সিটি তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে। বোয়াটেং মনে করেন সিটিই মেসির জন্য ভালো গন্তব্য, ‘পেপ (গার্দিওলা) ও মেসি একসঙ্গে অনেক সাফল্য উদযাপন করেছেন অতীতে। এ জন্যেই দুই পক্ষ জানে তাদের দর্শনে কতটা মিল।’
বার্সেলোনা তো মেসিকে চুক্তির বেড়াজালে আটকে ছাড়তেই চায় না। রবিবার মেসির জন্য বড় আঘাত হয়ে এসেছে লা লিগা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। লা লিগা বার্সেলোনার পক্ষে ঝুঁকে বলে দিয়েছে, মেসি আগামী মৌসুমের জন্য বার্সেলোনার চুক্তিবদ্ধ খেলোয়াড়। ক্লাব ছাড়তে চাইলে তাকে বা তাকে নিতে চাওয়া ক্লাবকে রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরোই পরিশোধ করতে হবে।