উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা এরই মধ্যে দল ঘোষণা করেছে। কিন্তু চোটের কথা মাথায় রেখে ২৬ সদস্যের বাইরেও কোচ লিওনেল স্ক্যালোনি আরও চারজনকে প্রস্তুত রেখেছেন।
হঠাৎ করে মূল দলের কেউ অসুস্থ হয়ে পড়লে, সেজন্য চার ফুটবলারকে রিজার্ভ দলে নেওয়া হয়েছে বলে টিওয়াইসির প্রতিবেদনে জানা গেছে। তারা হলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো, ম্যাক্সিমো পেরোনে।
কানসাস সিটিতে বুয়েন্দিয়া, বেলত্রান, কাপালদো, পেরোনে মূল দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছেন। যদি কোনো জরুরি তলব পড়ে, সেক্ষেত্রে তাদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।









