পাকিস্তানি মালিকের লঙ্কান দলের ‘আইকন’ আফ্রিদি

শহীদ আফ্রিদিগল গ্ল্যাডিয়েটর্স ও কোয়েটো গ্ল্যাডিয়েটর্স নাম দুটির মধ্যে মিল শুধু গ্ল্যাডিয়েটর্স শব্দে। কিন্তু এমনিতে মিল অনেক। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দুটি দলেরই মালিক এক ব্যক্তি- নাদিম ওমর। ঠিক ধরেছেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিকই লঙ্কান প্রিমিয়ার লিগের অন্যতম গলের ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন।

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। গত বুধবার করাচিতে এলপিএলের পাঁচ দলের অন্যতম গল গ্ল্যাডিয়েটর্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাদিম বলেন, পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক শহীদ আফ্রিদি ও সরফরাজ খেলবেন এই দলে। সংবাদ সংস্থা পিটিআই জানায় তিনি গল গ্ল্যাডিয়েটর্সের ‘আইকন’ খেলোয়াড় ঘোষণা দিয়েছেন। প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করে নাদিম ওমরকে ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি, ‘গল গ্ল্যাডিয়ের্টসের আইকন খেলোয়াড় হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ জানাই নাদিম ওমর ভাইকে, এলপিএলের প্রথম পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে তাকে অভিনন্দন।’ ৪০ বছর বয়সী আফ্রিদি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ বছরের গোড়ায় পিএসএলের দল মুলতান সুলতানসের হয়ে।

নাদিম ওমর বলেছেন, গলের ফ্র্যাঞ্চাইজিটি তিনি কিনেছেন, কারণ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগকে সামনের দিকে এগিয়ে নিতে চান। আরেকটি কারণ তো অবশ্যই এটা যে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার প্রীতির সম্পর্ক জোরদার করা।

পাঁচ শহরের পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পরিকল্পিত লঙ্কান প্রিমিয়ার লিগ দিয়েই ঘরোয়া ক্রিকেট কর্মসূচি পুরোপুরি শুরু করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট। কারণ করোনাভাইরাস সংক্রমণের পর শ্রীলঙ্কান বোর্ড পাঁচটি আন্তর্জাতিক সিরিজ বাতিল করেছে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কাতে করোনা পরিস্থিতি সবচেয়ে ভালো। দ্বীপ দেশটিতে সেই মার্চ মাস থেকে এ পর্যন্ত মাত্র ৩ হাজার করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এই অঞ্চলের ভেতরে শ্রীলঙ্কায় করোনায় মৃত্যুও হয়েছে সবচেয়ে কম, মাত্র ২৪ জনের।

২৩ ম্যাচের লঙ্কান প্রিমিয়ার লিগ ১৫ দিন ধরে হবে তিন ভেন্যু ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায়।