এবারের আইপিএলের শুরুতেই মুম্বাই-চেন্নাই ‘ব্লকবাস্টার’ ম্যাচ

আইপিএল (2)এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচটিই হতে যাচ্ছে ‘ব্লকবাস্টার’, ১৯ সেপ্টেম্বর  আবুধাবিতে মুখোমুখি হবে সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইনডিয়ান্স ও তিনবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস।

শনিবার উদ্বোধনী ম্যাচের পরদিন রবিবার দুবাইতে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিট্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার দুবাইতেই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় ভেন্যু শারজায় আইপিএলের ঘণ্টা বাজবে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে। ওইদিন সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রবিবার (৬ সেপ্টেম্বর) এটি জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে।

শুরু ১৯ সেপ্টেম্বর, শেষ ১০ নভেম্বর। এই ব্যাপ্তিটা ঠিক হয়েছিল আগেই। কিন্তু পূর্ণ সূচিটা প্রকাশ করতে বিসিসিআইয়ের একটু দেরিই হলো। তবে এটিরও কারণ সম্ভবত করোনাভাইরাস পরিস্থিতি। ধোনির দল চেন্নাই সুপার কিংসের দু’জন খেলোয়াড়সহ ১৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন আরব আমিরাত গিয়ে।

আইপিএলের ইতিহাসে এবারই দীর্ঘতম টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটির ব্যাপ্তি ৫৩ দিন! এর মধ্যে ১০ দিন হবে দুটি করে ম্যাচ। দিনের দুটি ম্যাচের প্রথমটি শুরু হবে ভারতীয় সময় সাড়ে ৩টা (বাংলাদেশ সময় ৪টা), আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী যা বেলা ২টা। সান্ধ্যকালীন ম্যাচ শুরু হবে ভারতী সময় সাড়ে ৭টা (বাংলাদেশ সময় রাত ৮টা), আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা। সবমিলিয়ে দুবাইতে ম্যাচ হবে সবচেয়ে বেশি ২৪টি, আবুধাবি ও শারজায় ২০ ও ১২টি করে। শেষ চারের প্লে-অফ ম্যাচ ও ফাইনালের ভেন্যু ও সময় ঘোষিত হবে পরে।

১৩তম আইপিএল নির্ধারিত ছিল ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত। কিন্তু হঠাৎই পৃথিবীজুড়ে করোনাভাইরাস হানা দেওয়ায় শুরুর দুই সপ্তাহ আগেই সেটি স্থগিত হয়ে যায়। করোনার প্রকোপ ক্রমশই বাড়তে থাকায়  স্থগিত করা হয় অনির্দিষ্টকালের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেলেই এটির ভাগ্য খুলে দেয় সেপ্টেম্বর-নভেম্বরের উইন্ডো। তবে ভারতে করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় এটি হচ্ছে বিদেশের মাঠে, সংযুক্ত আরব আমিরাতে, জীবানু-সুরক্ষিত পরিবেশে।