আকবর আলীরা এ বছর প্রথমবারের মতো বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের শিরোপা জিতিয়ে এনেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। আগামী যুব বিশ্বকাপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল গড়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে এ সব ট্রায়াল ম্যাচ।
বিকেএসপিতে তিন দলের সিরিজের তৃতীয় ম্যাচ আজ গড়পরতা পারফরম্যান্সই দেখেছে ক্রিকেটারদের। তার মধ্যেও উল্লেখযোগ্য জুনিয়র মোস্তাফিজের উইকেট পাওয়া এবং খালেদের ফিফটি। পেসার মোস্তাফিজ ৩০ রানে চার উইকেট নিয়ে দলের সেরা বোলার। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জুনিয়র মোস্তাফিজ বলেছেন, ‘অনেকদিন পর ম্যাচ খেললাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চারটা উইকেট পেয়েছি। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে।’
১০৭ বলে ৬১ রানের ইনিংস খেলা খালেদ ধারাবাহিকতা ধরে রাখতে চান, ‘আমরা অনেকদিন পর ম্যাচ খেললাম। ম্যাচে আজকে ফিফটি করতে পেরে ভালো লাগছে। আত্মবিশ্বাসও বেড়েছে। সামনে এর ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাল্লাহ।’
করোনার কারণে এবার অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়া শুরু করতেই বিলম্ব হয়েছে পাঁচ মাস। তারওপর দল গঠনের আবাসিক ক্যাম্প করতে যেতে হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। এই ক্যাম্পের ৪৫ জন ক্রিকেটারকে তিন ভাগে ভাগ করে বেশ কিছু ম্যাচ খেলা হবে। খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এখান থেকেই নির্বাচকেরা বাছাই করবেন প্রাথমিক দল।