বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যেহেতু এইচপির ক্রিকেটারদের ম্যাচ আছে। তাদের করোনা পরীক্ষা জরুরি। আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষা করিয়েছি। যারা নেগেটিভ আসবে, তারাই শুধু আগামী সাত তারিখে ক্যাম্পে যোগ দিতে পারবে।’
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে এইচপির ক্রিকেটাররা নবনিযুক্ত ইংলিশ হেড কোচ টবি র্যাডফোর্ডকে পাচ্ছে না। তিনি ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে শিষ্যদের সঙ্গে যুক্ত হবেন। তিন ম্যাচ সিরিজের পরও এইচপি দলের ক্যাম্প চলবে।
এদিকে, তিন দলের ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, প্রথম ম্যাচটি হবে ১১ অক্টোবর। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।