করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে দেশের খেলাধুলা বন্ধ হয়ে যায়। ফুটবলেও তাই। এই মাসে হওয়ার কথা ছিল এএফসি কাপের খেলা। সেটাও আগেই বাতিল হয়ে গেছে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এর আগে এই মাসের শেষের দিকে হবে দলবদল। বসুন্ধরা কিংস আগামী মৌসুমের জন্য এখন প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তবে দলের অন্যতম খেলোয়াড় হার্নান বার্কোস খেলা শুরু হবে কি না তা নিয়ে সন্দিহান। খেলা শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা দলে মেসির সাবেক সতীর্থের অপেক্ষা যেন ফুরোচ্ছে না । নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘বাংলাদেশ কী আদৌ ফুটবল ফিরবে একদিন? নাকি শুধু অনুশীলনই করে যাবো?
বার্কোসের কিছুটা হতাশা থাকতেই পারে। গত ডিসেম্বরে বাংলাদেশের পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে যোগ দিয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। এএফসি কাপের সেই ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে চার গোল করেছিলেন। দলটির টেকনিক্যাল ডিরেক্টর বি এ জোবায়ের নিপু অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন খেলা নেই। পুরো দল অনুশীলনে আছে। আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। হয়তো খেলা না থাকার কারণে কেউ কেউ কিছুটা চিন্তিত থাকতে পারে। তবে আমরা দেশে বা দেশের বাইরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবো। এতে করে হয়তো খেলোয়াড়রা চাঙা হয়ে উঠবে।’