লকডাউনের সময়টাতে অন্য ক্রিকেটাররা যখন নির্ভার সময় কাটাচ্ছিলেন, মুশফিক তখন ফিটনেস নিয়ে কাজ করছিলেন। তিনমাস আগে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চেয়ে পাননি। এরপর নিজ উদ্যোগে বনানীর একটি মাঠে বেশ কয়েকদিন অনুশীলন করেন। পরে অবশ্য বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনের সুযোগ করে দিলে মুশফিক মিরপুরে ফিরে আসেন। গত তিনমাস মিরপুরে টানা অনুশীলনের পর দুইদিনের দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছেন মুশফিক। দুটি ম্যাচে রান পাননি সাবেক অধিনায়ক ও দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রথম ম্যাচে তিন রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ১১ রান। হোক নিতান্তই প্রস্তুতি ম্যাচ, নিজের এই ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে।
আগামী ১১ অক্টোবর শুরু তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে ভালো করতে আত্মপ্রত্যয়ী মুশফিক বৃহস্পতিবার একা একাই অনুশীলন করেছেন। হাইপারফরম্যান্স ইউনিটের কয়েকজন বোলারের সঙ্গে জাতীয় দলের পেসার আল আমিন ছিলেন মুশফিকের অনুশীলনসঙ্গী। মিরপুর স্টেডিয়ামের চারপাশের নীরবতা ভেদ করে মুশফিক নিজের মতো করে অনুশীলন করেছেন। সকালে কয়েক ওভার ব্যাটিং করার পর বৃষ্টি নামে। অনেকটা বিরক্ত হয়েই মাঠ ছাড়তে হয়। আধাঘন্টা পর বৃষ্টি কমলে মুশফিক ফের অনুশীলন শুরু করেন। কতটা সিরিয়াস ছিলেন মুশফিক সেটা বোঝা যায় কয়েক দফা গ্রাউন্ডসম্যানদের মাঠ শুকানোর তাগাদা দেওয়ার দৃশ্য দেখেই।
১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৫০ ওভারের টুর্নামেন্টটিতে ‘তামিম একাদশের’ নেতৃত্বে তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে নাজমুল হোসেন শান্তকে দেখা যাবে। অধিনায়ক না হয়ে তরুণ ব্যাটসম্যান শান্তর দলে মুশফিক কেন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলবেন, এর ব্যাখ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘তামিম একটা দলকে নেতৃত্ব দিচ্ছে। মুশফিক একটা দলে আছে, কিন্তু সে নেতৃত্ব দেবে না। ওই দলের নেতৃত্ব দেবে শান্ত। আরেকটাতে মাহমুদউল্লাহ আছে, ওটায় সে নেতৃত্ব দেবে। মুশফিক নাকি নেতৃত্ব দিতে ইচ্ছুক না, আজকে সে এটা নিশ্চিত করেছে।’