মিরপুরে রান ফেরাতে চট্টগ্রামের কিউরেটর

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম -ছবি: সাজ্জাদ হোসেনবিসিবি প্রেসিডেন্টস কাপের দুটি ম্যাচে রান তুলতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে ব্যাটসম্যানদের। মিরপুরের উইকেটে এ দুই ম্যাচে তারকা ব্যাটসম্যানদের কাছে ব্যাটিংকে মনে হয়েছে পৃথিবীর দুরূহতম এক কাজ। তৌহিদ-মাহমুদউল্লাহ-ইরফান-নুরুল কঠিন সংগ্রাম করে তবেই কিছু রান পেয়েছেন। এ অবস্থায় উইকেটের চরিত্র ঠিক করতে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হয়েছে কিউরেটর প্রাভিন হিঙ্গনিকারকে।

মঙ্গলবার রাতে ঢাকায় এসেই কাজে নেমে পড়েছেন তিনি। বুধবার বিকেলে বৃষ্টি থামার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড ঘুরে দেখেছেন। প্রেসিডেন্টস কাপ চলাকালে স্টেডিয়ামের দেখাশোনা করবেন ভারতীয় এই কিউরেটর।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই মুহুর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনও কাজ নেই। তাই আমরা প্রাভিনকে নিয়ে এসেছি। এই টুর্নামেন্টে মিরপুর স্টেডিয়ামের দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া বিসিবির সঙ্গে খুব দ্রুতই যোগ দেবেন গামিনি। শ্রীলঙ্কান সরকারের নিষেধাজ্ঞার কারণে তিনি ঢাকায় আসতে পারছেন না। তবে খুব দ্রুতই তিনি আসছেন।’

বাংলাদেশে করোনা-সংক্রমণ শুরু হওয়ার পর পরই মিরপুরের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা শ্রীলঙ্কায় চলে যান। এতদিন তার অনুপস্থিতিতে উইকেটের যথাযথ পরিচর্যায় কিছু ঘাটতি রয়ে গেছে বলেই মনে করছে বোর্ড। তাই আপাতত প্রাভিনকে এনে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করা হচ্ছে।