জানা গেছে, নেগেটিভ হওয়ার পরেও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে একজন ওয়েটারের মাঝে করোনা উপসর্গ দেখা দিয়েছে। যে কারণে গত দুইদিন ধরে ক্যাম্পও স্থগিত। যদিও এ খবর অস্বীকার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্প বন্ধ থাকার পরেও বিসিবি বলছে, এশিয়া কাপ স্থগিত হওয়ার পাশাপাশি ক্রিকেটারদের কিছুটা নির্ভার রাখতে ক্যাম্প স্থগিতের সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়া কাপ স্থগিত হওয়ার পর থেকেই আমরা ক্যাম্পটা স্থগিত করার চিন্তা-ভাবনা করছিলাম। কেননা টানা অনুশীলনে ছেলেদের ওপর চাপ পড়ছে। প্রাথমিক ক্যাম্প করার পর এশিয়া কাপকে সামনে রেখেই এই ক্যাম্পটা চালাতে হচ্ছিল। এখন যেহেতু এশিয়া কাপ স্থগিত, তাই আমরা ক্যাম্প এক সপ্তাহ স্থগিত করার কথা ভাবছি। তবে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী শনিবার এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিবো।’
প্রসঙ্গত, বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে থাকেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সংস্কার কাজের জন্য সেখানে বাইরে থেকে নিয়মিত আসা-যাওয়া করেন নির্মাণ শ্রমিকরা। আশঙ্কা করা হচ্ছে, শ্রমিকদের মাধ্যমে ক্যাম্পে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।