ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা পাঠান সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই বছরের শুরুতে। সর্বশেষ টি-টোয়েন্টিও খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর চ্যারিটি টুর্নামেন্টে খেলেছেন ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে।
বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ইরফান জানিয়েছেন, লিগে খেলতে কতটা মুখিয়ে তিনি, ‘ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে অধীর অপেক্ষায় আছি। কারণ দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। তাই এই অভিজ্ঞতা অর্জনে মুখিয়ে আমি।’
এই দলে পাঠানের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করবেন ক্রিস গেইল, স্থানীয় তারকা কুশল পেরেরা, লঙ্কান টি-টোয়েন্টি স্পেশালিস্ট কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ ও ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। এছাড়া দলটির কোচিং স্টাফ হিসেবে রয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক হাসান তিলকারত্নে।
লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।