নিউজিল্যান্ডে সুখবরই দিলো ওয়েস্ট ইন্ডিজ

i (5)করোনাকালে ক্রিকেট সফর মানেই করোনাবিধির বাধ্যবাধকতা। আর এই নিয়মে সবচেয়ে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাকালে প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দুটি সফরে অংশ নিয়েছে তারা। ইংল্যান্ড সফরের পর এখন তারা নিউজিল্যান্ড সফরে।

নিউজিল্যান্ড সফরে পৌঁছে অবশ্য কোনও ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়নি। প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সফররত দলের সবাই। ৩০ অক্টোবর নিউজিল্যান্ডে পা দেওয়ার তিন দিন বাদেই এই পরীক্ষার মুখোমুখি হন তারা।

সফরে আরও দুবার করোনা পরীক্ষা হবে ক্যারিবীয় ক্রিকেটারদের। ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা অবস্থাতে ৬ দিনের মাথায় দ্বিতীয় ও ১২ দিনের মাথায় হবে আরেকটি পরীক্ষা। এই মুহূর্তে ক্রাইস্টচার্চে এইচপি সেন্টারে কোয়ারেন্টিন থাকবে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম পরীক্ষায় নেগেটিভ হওয়ার ফলে কিছু কড়াকড়ি থেকেও মুক্ত হয়ে গেছে সফরকারী দলের সদস্যরা। এখন তাদের নিজস্ব ঘরে আইসোলেশনে থাকতে হবে না। জীবানু সুরক্ষিত বলয়ে অনুশীলন, জিম ও কারো সংস্পর্শে আসতেও বাধা নেই। তবে সেটি তারা করতে পারবে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় সবাই নিউজিল্যান্ডে পৌঁছে গেলেও ৭ তারকা খেলোয়াড় এখনও সেখানে পৌঁছাননি। এরা হলেন টি-টোয়েন্টি অধিনায়ক কিয়েরন পোলার্ড, টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, শিমরন হেটমেয়ার, কিমো পল, নিকোলাস পুরান ও ওশানে থমাস। ১০ নভেম্বর আইপিএল শেষ করেই তারা উড়ে যাবেন নিউজিল্যান্ড। এদের মধ্যে টি-টোয়েন্টি দলের ৬জন কোয়ারেন্টিন শেষ করবেন প্রথম টি-টোয়েন্টির আগ মুহূর্তে! শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। তার পরেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি শুরু হবে ৩ ডিসেম্বর, ১১ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।