বাংলাদেশের অন্যতম ক্রিকেট নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আজ বুধবার সকালের দিকে। রিপোর্ট পেয়ে গেছেন সন্ধ্যা নাগাদ। করোনা পজিটিভ!
শনিবার করোনা পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ, মঙ্গলবার করোনা শনাক্ত হলো মুমিনুলের শরীরে। আর আসন্ন বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের এ দুই ক্রিকেটারের খেলার সম্ভাবনা নিয়ে যিনি অভয়বাণী উচ্চারণ করলেন, সেই নির্বাচক হাবিবুল বাশারের শরীরে করোনা ধরা পড়লো বুধবার।
হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনের কাছে বলছিলেন, ‘সোমবার বাসায় ফিরেই শরীরে জ্বর অনুভব করলাম। রাতে জ্বর ছিল ১০২। মঙ্গলবারও তাই। আজ সকালে করোনা টেস্ট করতে দিই। বিকেলেই রেজাল্ট পেয়ে গেছি।’ কথা বলতে অবশ্য কষ্ট হচ্ছিল হাবিবুলের, তবে সেটি হতে পারে দুই রাতের তীব্র জ্বরের প্রভাবে। এমনিতে সুস্থ আছেন, নিজেই বললেন, জ্বর আর নেই। নিজের বাসায় স্বাস্থ্যবিধি মেনে আগামী কয়েকদিন বিচ্ছিন্ন হয়ে থাকাটাই তার কাছে অসহনীয় ঠেকবে। সোমবার জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চলে গেছেন আইসোলেশনে।
আরেকটি বিষয় ভেবেও খারাপ লাগছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিানায়কের। আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। পাঁচটি দল খেলোয়াড়দের বাছাই করে নেবে সেখান থেকে। বিশাল এই কাজে তিনি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের (নান্নু) সঙ্গী থাকতে পারছেন না, ‘নান্নু ভাইয়ের ওপর বেশ চাপ পড়ে যাবে। আমি থাকতে পারলে খুব ভালো হতো।’ দ্রুতই আবার মিনহাজুলের পাশে থেকে কাজ করবেন এই আশায় রয়েছেন হাবিবুল। আশা, বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই মাঠে ফিরবেন। ক্রিকেটভক্ত ও ক্রিকেটাঙ্গনের মানুষ ছাড়াও অজস্র শুভানুধ্যায়ী শুভকামনা জানাচ্ছেন হাবিবুলকে।
ক্রিকেটকে আবার মাঠে ফেরাতে গত কয়েকমাস ধরে অনেক পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের দুই নির্বাচক। করোনায় আক্রান্ত হয়ে শয্যা নেওয়া হাবিবুল বলছিলেন, ‘ক্রিকেট মাঠে ফেরাতে গত কয়েকমাসে অনেক কাজ করেছি। আরও অনেক কাজ বাকি।’