নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। তবে গতকাল করেছে ড্র। বাংলাদেশের জন্য ইতিবাচক দিকটি হচ্ছে দুটি ম্যাচেই ক্লিন শিট রাখতে পেরেছে জামালরা। ডে তাই শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাত্র ২৫ দিনের অনুশীলন হয়েছে। তাতেই একটি ম্যাচ জিতেছি, অন্যটিতে ড্র। আমি তো বলবো ছেলেরা অনেক ভালো করেছে। আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। এটা দারুণ অর্জন। এর জন্য খেলোয়াড়দের ধন্যবাদ দিতেই হবে।'
প্রথম ম্যাচ ভালোভাবে জিতেই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু শেষ ম্যাচে ক্লিন শিট ধরে রাখলেও গোল করতে পারেনি সুফিল-জীবনরা। ডে বাস্তবতা মেনে বরং এই ফলাফলেও ভালো দিক খুঁজে নিচ্ছেন, ‘প্রতি ম্যাচে তো জয় আসবে না। একটা কথা মনে রাখতে হবে। আমরা ফিফা র্যাঙ্কিংয়ের ১৭০ নম্বর প্রতিপক্ষের বিপক্ষে খেলছি। প্রস্তুতিও সেভাবেই ছিল। এখন যে ফলই এসেছে আমি তাতে অনেক খুশি।'