শুক্রবার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেছেন, ‘কাতারে বিমানবন্দরে নামার পরেই সবার করোনা পরীক্ষা হয়েছিল। যার ফলাফল আমরা আজকে পেয়েছি। কোচ, খেলোয়াড়সহ বাকিরা নেগেটিভ এলেও আমাদের দুজনের ফলাফল পজিটিভ এসেছে। একজন হলেন ম্যানেজার আমের খান, আরেকজন ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশ দল এখন রাজধানী দোহাতে। বৃহস্পতিবার সকালে বিমানে চেপে বিকালেই সেখানে পৌঁছে গেছে জামাল-সাদরা। অবশ্য বিমান বন্দরে নামার পর সেখানেই তাদের করোনা পরীক্ষা হয়েছিল। এখন সফরকারীদের সবাই ২৪ ঘণ্টার কোয়ারেন্টিন মেনে চলছে। যার মেয়াদ শেষ হবে আজ। আবু নাঈম সোহাগ আরও বলেছেন, ‘সেখানে পৌঁছার পর সবার ২৪ ঘণ্টার বাধ্যতামূলক কোয়ারেন্টিন আজকে শেষ হবে। এছাড়া যারা পজিটিভ হয়েছেন, এদের আগামীকাল আবারও করোনা টেস্ট হবে। এই সময়ে তারা আইসোলেশনেই থাকবেন।’
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান দোহার হোটেল থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার সবাই যার যার রুমে আছি। আমি আর ফিজিও আক্রান্ত হলেও কোনও উপসর্গ নেই।’
আজকে আবার হোটেলেই হালকা জিম সেশনে অংশ নেবে জামাল ভূঁইয়ারা। তবে বিভক্ত হয়ে আলাদাভাবে তারা জিম সেশনে অংশ নেবেন।