কাল দ্বিতীয় টি-২০ ম্যাচ জয়ের পর কোহলি বলেছেন, ‘এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। টি-২০ তে আমরা খেলেছি দল হিসেবে। আর সাদা বলে আমাদের প্রতিষ্ঠিত দুই খেলোয়াড় রোহিত ও বুমরাকে ছাড়াই আমরা জিতেছি বলে আমি আরও খুশি।’
এবারের আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ায় এই সিরিজে খেলা হয়নি ওপেনার রোহিতের। আর ১৭ ডিসেম্বর থেকে শুরু চার টেস্টের সিরিজের কথা ভেবে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার বুমরাকে।
প্রথম টি-২০ ম্যাচ ভারত জিতেছে রবীন্দ্র জাদেজা-যুজবেন্দ্র চাহালের সৌজন্যে। দ্বিতীয় টি-২০ তে জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার (পিঠের চোট থেকে সদ্যই সেরে ওঠায় বোলিং বেশি করছেন না) পান্ডিয়া ২২ বলে অপরাজিত ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ কোহলি। তার চোখে পান্ডিয়া এক স্বভাবজাত প্রতিভা, সামনের দিনগুলোতে যার হাত ধরে ভারত অনেক ম্যাচ জিতবে। পান্ডিয়ার ব্যাপারে কোহলির মত, ‘ ২০১৬ সালে সে (হার্দিক) দলে ঢুকেছে তার সামর্থ্যের কারণেই। সে এক সহজাত প্রতিভা যে নিজেও এখন উপলব্ধি করতে পেরেছে, তাকে আগামী ৪-৫ বছরের জন্য সেই নির্ভরতার প্রতীক হয়ে উঠতে হবে যে যেকোনও অবস্থা থেকে দলকে জেতাবে।’
পান্ডিয়া সম্পর্কে প্রশংসার ভান্ডার যেন ফুরোনোর নয় কোহলির, ‘সে এখন এটাও বুঝতে পারছে যে তাকে এখন ফিনিশারের ভূমিকা নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলতে হবে দলের জন্য। সে সর্বস্ব উজাড় করে দিয়ে খেলে, তার যেমন আছে প্রতিদ্বন্দ্বী মানসিকতা, তেমনই সেটি মাঠে করে দেখানোর সর্বোচ্চ নৈপুণ্যও তার আছে।’