নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করে খেলা লিভারপুল এগিয়ে যায় ২৪ মিনিটেই। জর্ডান হেন্ডারসনের লং বল ক্লিয়ার করতে ব্যর্থ হন উলভস ডিফেন্ডার কন কোডি। বল পেয়ে উল্টো জালে বল পাঠিয়ে দিয়েছেন মোহামেড সালাহ। এই গোল করেই দর্শক ফেরার দিনটিকে নিজের করে নিয়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি (৮৪টি)। সালাহর এই গোল করতে লেগেছে ১৩১টি ম্যাচ। যা পর্তুগিজ অধিনায়কের থেকে ৬৫ ম্যাচ কম।
বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন জর্জিনিয়ো ভিনালদাম। ৬৭ মিনিটে মাতিপের গোলে স্কোর লাইন ৩-০ হলে আত্মঘাতী গোলের সুবাদে স্কোর ৪-০ হয়ে যায় লিভারপুলের। আত্মঘাতী গোলটি করেছেন নেলসন সেমেদো।
টটেনহামের জয়ের দিনে মাইলফলক ছুঁয়েছেন কেইনও। ক্লাব ও দেশের হয়ে ২৫০টি গোল করেছেন। এমনকি আর্সেনাল–টটেনহামের নর্থ লন্ডন ডার্বিতেও সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।