জানা গেছে, ইংল্যান্ড শিবিরে করোনা আক্রান্ত হয়েছেন দু’জন। অবশ্য দুজনের পজিটিভ হওয়ার খবর পুরোপুরি নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই অবস্থায় সিরিজ নিয়ে অনিশ্চয়তা বাড়লেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে চেয়ে আছে দুই দেশের বোর্ড। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাকি দুই ওয়ানডে মঙ্গলবার ও বুধবার টানা খেলানোর কথা ভাবছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
কিন্তু চলমান পরিস্থিতি স্বস্তিদায়ক নয় মোটেও। ইংল্যান্ডের খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন। ইংল্যান্ডের ওই দুজন সত্যিকার অর্থেই পজিটিভ হলে, সেক্ষেত্রে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। আর তাদের সংস্পর্শে কেউ এসে থাকলে একই পরিণতি হবে তাদেরও। তেমন কিছু হলে বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইট ধরতে পারবে না ইংল্যান্ড!
গত শুক্রবার শুরু হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। কিন্তু স্বাগতিকদের স্কোয়াডের একজন করোনা পজিটিভ হওয়ায় প্রথম ম্যাচ দুই দিন পিছিয়ে করা হয় রবিবার। কিন্তু ম্যাচ শুরুর আগে দুই হোটেল কর্মী করোনা পজিটিভ হওয়ায় মাঠে যাওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। কারণ ওই হোটেলেই অবস্থান করছিলেন দুই দলের খেলোয়াড়রা!